বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে দলের প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে সিদ্ধান্তটি জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যের পদ ছেড়ে দিয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৪টা। ইসির তফসিল অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
এবার বিএনপির পক্ষ থেকে দুটি এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করা মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিতে হবে।
তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০ আগস্ট। জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে।
সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনর্বহালের পর থেকেই এই পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে আসছে। ভোট প্রকাশ্য হওয়ায় কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা গোপন থাকে না।
রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদেরও প্রভাব রয়েছে। দলীয় প্রতীকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সংসদে নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হওয়ার বিধান রয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় অবস্থানের বাইরে ভোট দেওয়ার সুযোগ বাস্তবে সীমিত।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। দীর্ঘ সময় ধরে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।