মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার নির্বাচনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) বিশ্বপর্যায়ে নন্দিত একজন ব্যক্তি। তিনি নিজে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার বিষয়ে আমাদের এক বিন্দুও দ্বিধা নেই।”
জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে সরকার, বিএনপি এবং কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বিশেষ করে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় সংস্কার ও আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না।
এ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “নির্বাচনের দায়িত্ব সরকারের, দলের নয়। সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে অটল। আমাদের একটাই লক্ষ্য—ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলগুলো নানা উদ্দেশ্যে নানা বক্তব্য দেয়। এটা বরাবরের মতোই একটি রাজনৈতিক প্রক্রিয়া। নির্বাচন সামনে রেখে সময় নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, সেটাও এই প্রক্রিয়ারই অংশ।”
উল্লেখ্য, অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন যে আগামী ফেব্রুয়ারিতে, রমজানের আগেই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
নির্বাচন কমিশনও জানিয়েছে, ফেব্রুয়ারি মাথায় রেখেই তারা ভোটের প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কমিশন