গত (২৪ জানুয়ারি) শনিবার পূর্বাচলের সী শেল রিসোর্টে রামগতি উপজেলা সমিতি, ঢাকা’র কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। পরিবার-পরিজন নিয়ে প্রায় দুই হাজার মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিশুদের কবিতা আবৃত্তি, নারী ও শিশুদের খেলাধুলা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের জন্য ছিল শুভেচ্ছা উপহার ও র্যাফেল ড্র। সকাল থেকে রাত পর্যন্ত নাস্তা, দুপুরের ভোজ এবং সন্ধ্যায় শীতের পিঠার আয়োজন ছিল অতিথিদের জন্য। সন্ধ্যার পর পরিচিত সংগীতশিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি প্রাণ সঞ্চার করে। শেষে সম্মাননা প্রদান ও র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে সমাপ্তি টানা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন। তিনি বলেন, ভেদাভেদ নয়, ভালোবাসার বন্ধনই রামগতির শক্তি। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বিথিকা বিনতে হোসাইন, মিসেস তানিয়া রব, সমিতির সভাপতি মিজান আহমেদ, সাধারণ সম্পাদক আফতাব আহমেদ মাসুদসহ অন্যরা।
অতিথিদের অনুভূতিতেও ছিল আনন্দের ছাপ। ইব্রাহিম কার্দি বলেন, দীর্ঘদিন পর পরিচিতদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়েছে। হেলাল উদ্দিন মাহি জানান, এমন আয়োজন প্রতিবছর হলে সম্পর্ক আরও দৃঢ় হবে।
কার্যনির্বাহী পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, সবার সহযোগিতায় অনুষ্ঠান সফল হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তার ভাষায়, ঢাকায় থাকা রামগতিবাসীরা যেন নিজেদের কখনও একা না ভাবেন—এই বার্তাই দিতে চায় সমিতি।