ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নার্গিস খাতুন ২০১৪ সাল থেকে পেশাদার ফুটবলার হিসেবে খেলছেন। তিনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ছাড়াও অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন। পাশাপাশি বসুন্ধরা কিংস নারী দলের হয়েও খেলেছেন।
ছাত্রদলের প্যানেলে যুক্ত হয়ে নার্গিস খাতুন ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "ছাত্রদল নারীদের সম্মান করে এবং ক্রীড়াকে উৎসাহিত করে।" তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের বিভিন্ন সমস্যা এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি তিনি খুব কাছ থেকে দেখেছেন। অনেক মেয়ে খেলাধুলায় আগ্রহী হলেও পর্যাপ্ত সুযোগ পায় না।
নির্বাচিত হলে নার্গিস বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি করতে চান। একই সাথে, তিনি মেয়েদের জন্য জিমনেসিয়ামের মাঠ পুনরায় চালু করা এবং প্রতিটি বিভাগ ও হলে ছেলে ও মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি আরও বলেন, খেলোয়াড়রা যাতে তাদের প্রাপ্য অধিকার ও সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও তিনি পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, কঠোর শৃঙ্খলার মধ্যে থাকার কারণে ক্যাম্পিংয়ের সময় নার্গিস সপ্তাহে একদিন মাত্র মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পেতেন। এর মধ্যেও তিনি তার মনোযোগ সম্পূর্ণরূপে ফুটবলে দিতে চেষ্টা করেছেন।