বিআরটিএ চেয়ারম্যানের পাঠানো একটি বিবেচ্যপত্রে সময় বাড়ানোর এ প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে।
বিবেচ্যপত্রের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ৬৮ লাখ। এর মধ্যে প্রায় ৫০ লাখই মোটরসাইকেল, যা মোট নিবন্ধিত যানবাহনের প্রায় ৭৪ শতাংশ। এত বিপুলসংখ্যক মোটরসাইকেলে অল্প সময়ের মধ্যে সামনের নম্বরপ্লেট লাগানো কঠিন বলে এতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মোটরসাইকেলের মালিক ও চালকদের বিভিন্ন মতামত উঠে এসেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এর আগে বিআরটিএর গণবিজ্ঞপ্তিতে ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে হাতে তৈরি নম্বরপ্লেট লাগিয়ে দৃশ্যমান রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে আরএফআইডি প্রযুক্তিসংবলিত উন্নত রেট্রো-রিফ্লেকটিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের নিয়ম রয়েছে। এর ধারাবাহিকতায় সামনের অংশেও নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা দেওয়া হয়।
বিআরটিএর নির্ধারিত মাপ অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার রাখতে হবে। উভয় ধরনের প্লেটে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে।
নম্বরপ্লেটের পটভূমি হবে সাদা এবং অক্ষর ও সংখ্যা কালো রঙের। এতে বাড়তি নকশা বা সাজসজ্জার উপাদান রাখা যাবে না। স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের নম্বর এক লাইনে সোজাভাবে বসানো যাবে।