বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছেন এবং গণহত্যার শিকার হয়েছেন। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শহীদদের একটি নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা প্রণয়নের দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি।
প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে শহীদদের তালিকা তৈরির প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও বিতর্কের বিষয়ও সামনে এসেছে। অথচ তাদের আত্মত্যাগের বিনিময়েই দেশ স্বাধীনতা অর্জন করেছে। তাই গবেষণাভিত্তিক ও গ্রহণযোগ্য একটি তালিকা প্রণয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।
তিনি জানান, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তিযুদ্ধের শহীদদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে বে-টার্মিনাল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে বড় আকারের মাদার ভেসেল সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করতে পারবে, যা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এ ছাড়া, দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্যোগ হিসেবে ভবিষ্যতে ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ টুর্নামেন্ট চালুর পরিকল্পনার কথাও জানান সরকারপ্রধান। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।