চ্যানেল ওয়ানের এডিটর ইন চিফ নাজমুল আশরাফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টার ওয়ান বুলেটিন-এ ‘নীতি-নৈতিকতা ভেঙে সরকারের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যবসা; তিনটি মন্ত্রণালয়ে ঠিকাদারি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনে সরকারের বিভিন্ন দপ্তরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঠিকাদারি কার্যক্রমের বিভিন্ন তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রীর নিজের মন্ত্রণালয়সহ তিনটি মন্ত্রণালয়ে তার ঠিকাদারি কাজ রয়েছে এবং প্রতিমন্ত্রী হওয়ার পরও তিনি সরকারের কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকার কাজ পেয়েছেন। আইনবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এসব কার্যক্রম সংবিধান ও নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিবেদনটি চ্যানেল ওয়ানের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশের পরপরই ফেসবুক পেজে ধারাবাহিক সাইবার হামলা শুরু হয়। ‘আনন্দবার্তা’ ও ‘আলি খান’ নামে দুটি পেজ থেকে ভুয়া কপিরাইট দাবি করে প্রতিবেদনটি ব্লক করা হয়। চ্যানেল ওয়ানের দাবি, নিজেদের তৈরি অনুসন্ধানী প্রতিবেদনে অন্যের কপিরাইট দাবি তুলে তাৎক্ষণিকভাবে ব্লক করার ঘটনা অস্বাভাবিক এবং এর পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংঘবদ্ধভাবে ভুয়া কপিরাইট অভিযোগের পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদের ফটোকার্ডও সরিয়ে ফেলা হয়। পরে রাতভর বট অ্যাকাউন্ট ব্যবহার করে চ্যানেল ওয়ানের বিভিন্ন কনটেন্টে রিপোর্ট করা হয়। বিশেষ করে মীর শাহে আলম-সংক্রান্ত নতুন কোনো পোস্ট প্রকাশের পরপরই সেগুলোকে লক্ষ্য করে রিপোর্ট করা হয়। ভুয়া কপিরাইট অভিযোগে কয়েকটি সংবাদ, ফটোকার্ড, এমনকি ফেসবুক পেজের প্রোফাইল ও কাভার ছবিতেও স্ট্রাইক দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এর উদ্দেশ্য ছিল চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮ জুলাই শনিবার বিকেলে সাইবার হামলাসংক্রান্ত একটি সংবাদও ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে।
চ্যানেল ওয়ানের দাবি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ঠিকাদারি ব্যবসা নিয়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনটি সাংবাদিকতার সব নীতি ও পেশাগত মানদণ্ড অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনের বিষয়ে কারও আপত্তি বা বক্তব্য থাকলে প্রচলিত নিয়মে তার জবাব দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেই পথ অনুসরণ না করে সাইবার আক্রমণের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক পেজের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং সাইবার হামলা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।