রোববার (১২ অক্টোবর) শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের বিরতির সময় ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন,
“মানবতাবিরোধী অপরাধের বিচার শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব। কেউ আনুষ্ঠানিকভাবে আইনি ব্যাখ্যা চাইলে, আমরা তা দিতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধান দ্বারা সুরক্ষিত এবং এর কার্যক্রম সম্পূর্ণ বৈধ কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। গণমাধ্যমে ১৫ সেনা সদস্যের হেফাজতের খবর প্রকাশিত হলেও, ট্রাইব্যুনাল এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য পায়নি।
সেদিনের যুক্তিতর্কে প্রসিকিউশন আওয়ামী লীগের আমলের দুঃশাসন, বাকশাল প্রতিষ্ঠা, দুর্ভিক্ষ, গুম ও খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরে। তাজুল ইসলাম বলেন,
“মানুষকে গুম করে নির্যাতন ও হত্যা করা হতো। কেউ কেউকে রেললাইনে ফেলে ‘দুর্ঘটনা’ সাজানো হতো। আবার অনেকে সন্ত্রাসবিরোধী মামলায় মিথ্যা ফাঁসের শিকার হতেন। ক্রসফায়ারের ভয়াবহ ঘটনাও তখন ছিল নিয়মিত।”
তিনি দাবি করেন, এসব ঘটনার পর্যাপ্ত প্রমাণ তদন্ত সংস্থা সংগ্রহ করেছে। বিচার ব্যবস্থায় যেসব বিচারক স্বেচ্ছাচারিতা করেছেন, তাদের বিরুদ্ধেও সংবিধান অনুযায়ী আইনি পদক্ষেপের বিধান থাকা উচিত বলেও মত দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।