বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি নির্দিষ্ট পক্ষ পরিকল্পিতভাবে সরকারের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নির্বাচনের সময়সূচি পেছাতে চায়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বেগুনবাড়ি ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “মানুষ এখন ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। নানা দাবিদাওয়া তুলে সরকারকে ব্যস্ত রাখার চেষ্টা চলছে, যেন নির্ধারিত সময়ে ভোট না হয়।”
ফখরুল বলেন, “আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই। ভালোবাসা, সহনশীলতা ও জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়েই বিএনপি মানুষকে সঙ্গে নিতে চায়। ফেব্রুয়ারিতেই জনগণ নির্বাচন চায়, এতে কোনো আপস হবে না।”
আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “শত নির্যাতন-নিপীড়ন ও মিথ্যা মামলার পরও বিএনপি দমে যায়নি। আমাদের একটাই লক্ষ্য—ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা।”
বিএনপি মহাসচিবের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ আর ভয় পায় না; তারা পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।