মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার দিকনির্দেশনা ঠিক করবে। জনগণের রায়ে নির্ধারিত হবে নতুন বাংলাদেশের কাঠামো, মূল্যবোধ ও অগ্রগতির গতি।
তিনি বলেন, ভোট রক্ষা করা দেশ রক্ষার সমান দায়িত্ব। ভোট হলো দেশকে এগিয়ে নেওয়ার প্রধান শক্তি—এই শক্তি যেন কেউ ক্ষুণ্ন করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। কারণ এই ভোটের ওপরই নির্ভর করছে বর্তমান ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও সর্বোপরি সুষ্ঠু করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষণের প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভোট কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি গণতান্ত্রিক অধিকার চর্চার পাশাপাশি রাষ্ট্র গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। লক্ষ্য একটাই—প্রতিটি ভোটার যেন নিরাপদ, ভয়মুক্ত ও স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রয়োজনে নির্বাচন কমিশন আরও কার্যকর পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেন।