শুক্রবার (১৮ জুলাই) ভোরে পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার হওয়া শিশুটি সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের সুমন জমাদ্দারের ছেলে মাহিম জমাদ্দার (৮)।
জেলা হাসপাতাল ও উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার শিশুটি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরদিন রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে একা ঘোরাফেরা করতে দেখে দায়িত্বরত আনসার সদস্য অন্তর মিয়া। বিষয়টি তিনি হাসপাতাল আনসার ক্যাম্প ইনচার্জ মোখলেসুর রহমানকে জানালে আনসার সদস্যরা শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে তার সঙ্গে কথা বলেন।
পরে শিশুটির ব্যাগ তল্লাশি করে প্রিয় খেলনার পাশাপাশি নগদ ৬৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেনকে জানানো হলে তিনি হাসপাতালে এসে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির বাবা ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে সদর থানাকেও অবহিত করা হয়।
শিশুটির বাবা সুমন জমাদ্দার বলেন, ছেলেকে হারিয়ে পুরো পরিবার দুশ্চিন্তায় ছিল। আনসার সদস্যদের আন্তরিকতায় তাকে নিরাপদে ফিরে পেয়েছি। এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেন বলেন, শিশুটিকে তার সঙ্গে থাকা অর্থসহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।