অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারও ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি কোনো পদে থাকবেন না।
যুক্তরাষ্ট্রের ডেসারাট নিউজে প্রকাশিত নিবন্ধে তিনি লেখেন, সরকারের প্রধান লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন, যেখানে দেশ-বিদেশের সব যোগ্য নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
দায়িত্ব নেয়ার সময়কার চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন ও অর্থনীতি ভেঙে পড়েছিল। রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী ও তরুণ প্রজন্মের সহযোগিতায় ধীরে ধীরে পরিস্থিতি পাল্টেছে।
ড.ইউনূস বলেন, জেনারেশন জেডের আন্দোলন ইতিহাসের প্রথম বড় তরুণ-নেতৃত্বাধীন বিপ্লব, যা বৈষম্য, দারিদ্র্য ও বৈশ্বিক সংকট মোকাবিলায় উদাহরণ হয়ে উঠেছে।
তিনি আরও জানান, সংস্কারের জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে দেশ আর কখনো স্বৈরাচারে না ফেরে। আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই বাংলাদেশের ইতিবাচক অগ্রগতি স্বীকৃতি পেয়েছে, যেমন দ্য ইকোনমিস্ট বাংলাদেশকে “২০২৪ সালের সেরা দেশ” হিসেবে উল্লেখ করেছে।
শেষে ড. ইউনূস আরও বলেন, “এই সময়ে যারা দায়িত্বশীলভাবে আমাদের সঙ্গে আছেন, তারাই আমাদের সর্বোচ্চ ও শেষ আশা।”