গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা সফর করেন। তাঁর সফর শেষ হলেও গাছের ডালে ঝোলানো আপেল দুটি এখনো রয়েছে। অস্বাভাবিক এই দৃশ্য দেখতে সেখানে ভিড় করছেন পথচারী ও দর্শনার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা রসিকতা।
রোববার (৮ নভেম্বর) সকালে গাছটি দেখতে আসেন স্থানীয় বাসিন্দা আল আমিন শেখ। তিনি জানান, গল্লামারীর একটি গাছে আপেল ঝুলিয়ে রাখা হয়েছে শুনে সেটি দেখতে এসেছেন।
এক দর্শনার্থী তোফায়েল বলেন, গল্লামারীর সৌন্দর্য বাড়াতেই গাছটি লাগানো হয়েছে। তবে গাছে ফল না ধরায় সৌন্দর্যবর্ধনের জন্য আপেল ঝুলিয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এটি দেখতে পেলে তাঁর ভালো লাগত বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির কর্মী নাঈম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর সৌন্দর্য বাড়াতে সিটি করপোরেশন বেশ কিছু কাজ করেছে। এর মধ্যে গাছ লাগানোও ছিল। শহরের প্রবেশপথেও একটি গাছ লাগানো হয়েছে। গল্লামারীর গাছটিতে সৌন্দর্য বাড়ানোর জন্য সুতা দিয়ে আপেল বেঁধে দেওয়া হয়েছে।
পাশের ফল বিক্রেতা মিনাজ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক পাশের একটি নার্সারি থেকে গাছটি এনে লাগিয়েছিলেন। পরে গাছে ফল না ধরায় সৌন্দর্য বাড়াতে সুতা দিয়ে দুটি আপেল ঝুলিয়ে দেওয়া হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে। রায়হান ব্লগ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গল্লামারীতে লাগানো গাছে ফল না ধরলেও সুতা দিয়ে দুটি আপেল ঝুলিয়ে রাখা হয়েছিল। এরই মধ্যে একটি আপেল চুরি হয়ে গেছে। বাকি আপেলটি কতক্ষণ থাকে, সেটিই এখন দেখার বিষয়।
নীলপরি নামের একজন লিখেছেন, খুলনার গল্লামারীতে আপেল গাছ, তাতে আবার আপেলও রয়েছে—বিষয়টি চিন্তার। এবার মনে হয় বাংলাদেশে নিউটনেরও জন্ম হবে। নুরুজ্জামান ইএএক্সপি লিখেছেন, খুলনায় ম্যাজিক আপেল গাছ! মাত্র তিন দিনেই গাছে আপেল ঝুলছে! বাঙালি চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। ইয়াসমিন আক্তারও রসিকতা করে লিখেছেন, খুলনার গল্লামারীর আপেল গাছ দেখে মনে হচ্ছে, এবার নিউটনের চতুর্থ সূত্র আবিষ্কার হয়ে যাবে।
এ বিষয়ে সিটি করপোরেশনের স্টেট অফিসার সালাউদ্দিন জানান, নগরীর বিভিন্ন স্থানে সিটি করপোরেশনের উদ্যোগে অনেক গাছ লাগানো হয়েছে। গল্লামারীর গাছটির বিষয়টি তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। আমার জানা মতে, গাছে ফল না থাকায় সুতা দিয়ে আপেল ঝুলিয়ে রাখা হয়েছে।