বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব নির্দেশনা দেন।
রাষ্ট্রপতি বলেন, দুষ্টের দমনে পুলিশকে কঠোর হতে হবে, তবে শিষ্টের পালনে থাকতে হবে ন্যায় ও মানবিকতার পরিচয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
সাইবার অপরাধ, অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার, গুজব, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া এবং এ ধরনের বিষয়ে জনগণকে নিয়মিত তথ্য জানানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
বিচারবহির্ভূত হত্যা, সাধারণ মানুষকে অযথা হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে পুলিশের কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার নির্দেশনাও দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় সরকার কাজ করে যাচ্ছে।
সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা, ডিজিটালাইজেশন এবং সদস্যদের মনোবল শক্তিশালী রাখতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন আইজিপি। এ সময় পুলিশ বাহিনীর কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।