শনিবার (২ মে) দুপুরে তারাবো পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সভাপতিত্ব করেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ইউসুফ হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, অতীত সরকারগুলোর ভূমিকা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে বিভিন্ন মন্তব্য তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে বিদেশি প্রভাব ও বিতর্কিত নির্বাচনের অভিযোগ রয়েছে, যা জনগণের আস্থাকে ক্ষুণ্ন করেছে।
তিনি আরও বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল সংবিধান। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণমুখী কাঠামো প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব জুবায়ের আহমেদ তামজীদ, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত এবং সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম রাতুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং নবাগতদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।