বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, তারেক রহমান ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত যাত্রাপথ নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে বিএনপির একটি প্রতিনিধি দল ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছে।
এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি দাবি করেন, এ উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক স্মরণীয় ও ঐতিহাসিক অভ্যর্থনা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বিএনপি। এর অংশ হিসেবে বৃহস্পতিবারও দলীয়ভাবে মনোনীত প্রায় ১০০ প্রার্থীর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। এসব সভায় নির্বাচনকেন্দ্রিক কৌশল, মাঠপর্যায়ের প্রস্তুতি ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।