শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, পুশইন প্রতিরোধ এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ সমাবেশ চলাকালে বৃষ্টি শুরু হলেও কর্মসূচি অব্যাহত থাকে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা মাঠে অবস্থান করে নেতাদের বক্তব্য শোনেন।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে বিরোধী দলকে সরিয়ে নিতে বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে এ দাবির প্রশ্নে তারা অনড় অবস্থানে রয়েছেন এবং জনগণকে সঙ্গে নিয়েই এ দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশার এই প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। দ্রুত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেবে ১১ দলীয় জোট।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। একই সঙ্গে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত অন্য নেতারাও চার দফা দাবির বিষয়ে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন। তারা বলেন, দাবি বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা দিলে রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে।