জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণঅধিকার পরিষদকে দায়ী করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) শাহবাগে সমাবেশের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কাকরাইলে যায়নি। তাই এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি তুলে ‘স্পর্ধা’ দেখিয়েছেন। রাশেদ খান বলেন, “জিএম কাদের ও শামীম হায়দারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এই দেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না।”
তিনি আরও জানান, নুরুল হক নুর বর্তমানে মারাত্মক শারীরিক সংকটে রয়েছেন। তার শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই, কোনো কিছু মনে রাখতে পারছেন না। একটি মহল চায় না যে নুরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক। তিনি নুরের অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে উল্লেখ করেন।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একদল অজ্ঞাত ব্যক্তি মিছিল নিয়ে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় কার্যালয়ের নিচতলায় আগুন দেওয়া হয়। জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের মিছিল থেকে এ হামলা চালানো হয়েছে, যা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিশোধ হিসেবে ঘটানো হয়েছে।