দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে ভাষণটি প্রচারের অনুমতি চেয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করা হয়েছে। জামায়াত রাত ৯টায় ভাষণ সম্প্রচারের প্রস্তাব দিয়েছে।
জামায়াতের দাবি, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রত্যাশা তুলে ধরতেই এই ভাষণের উদ্যোগ। নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশাও জানিয়েছে দলটি।
এদিকে নির্বাচন কমিশন বিটিভির মহাপরিচালককে দেওয়া এক চিঠিতে জানিয়েছে, সুষ্ঠু ও সমতাভিত্তিক নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রীয় গণমাধ্যমে সব দলের জন্য সমান সুযোগ রাখা জরুরি। নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(গ) অনুযায়ী আবেদনপত্রের ক্রম অনুসারে প্রচারণার সময়সূচি নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। ভাষণের দৈর্ঘ্য, রেকর্ডিং ও সম্প্রচারের সময় সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত হবে।
এ পর্যন্ত অন্য কোনো দল বিটিভিতে প্রচারণার আবেদন না করলেও বিএনপি তাদের পক্ষ থেকে আবেদন করেছে। কমিশন বিএনপির প্রধানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
এ অবস্থায় একই দিনে দুই দলের প্রধানের ভাষণ প্রচারের বিষয়টি সামনে এসেছে। ভবিষ্যতে অন্য দল আবেদন করলে তাদেরও পর্যায়ক্রমে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।