শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অতীতের স্বৈরাচারী শাসন এবং অন্তর্বর্তী সময়ের বিভিন্ন সমস্যা নিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। দেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিএনপি সবসময় প্রকাশ্যে রাজপথে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে উল্লেখ করে দলটির চেয়ারম্যান বলেন, তারা কখনো গোপনে থেকে রাজনীতি করেনি। তবে স্বৈরাচারী শাসনের সময় একটি রাজনৈতিক দল নিজেদের মধ্যে গোপন অবস্থায় ছিল বলে তিনি মন্তব্য করেন। সেই দলটিই এখন প্রকাশ্যে এসে নিজেদের পরিচয় দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, গোপনে থাকা ব্যক্তিদের মধ্যেই হয়তো স্বৈরাচারী শক্তি লুকিয়ে থেকে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। কারা কাকে আড়াল করার চেষ্টা করছে, সে বিষয়টি জনগণের সামনে উন্মুক্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিএনপি সরকার কাজ করবে বলে পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
মানুষের দুর্ভোগ কমাতে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের যেন কোনো কষ্ট না হয়, সেদিকে সবাইকে গুরুত্ব দিতে হবে।