বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ উত্তোলনে গুরুত্ব দিচ্ছে। কার্যকর উদ্যোগের মাধ্যমে মধ্যমেয়াদে এ সংকটের টেকসই সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কর্মসংস্থান নিয়ে তিনি জানান, জেলা পর্যায়ে নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই এর কার্যক্রম পরিচালিত হবে। শুরুতে বিভাগীয় পর্যায়ে চালু করে পরে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় আনার ওপরও গুরুত্ব দেন মাহদী আমিন। তার ভাষ্য, দেশের প্রতিটি নাগরিকের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি আরও জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে চাল, ডাল, তেল, চিনি ও আটাসহ বিভিন্ন পণ্যে কর-ভ্যাট কমানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে শিগগিরই এক লাখ নতুন পদ সৃষ্টি ও নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ৮০ হাজার পদে নারীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
দেশের সব নাগরিকের সমান অধিকার ও উন্নয়নের সুযোগ নিশ্চিত করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। পাহাড়-সমতল, ধর্ম-বর্ণ কিংবা মতাদর্শের ভিন্নতা থাকলেও রাষ্ট্রের কাছে সবাই সমান নাগরিক বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।