বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক বহুদিনের এবং ঐতিহাসিকভাবে দৃঢ়। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সময় থেকেই দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
বুধবার (২৯ এপ্রিল) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সহযোগিতা এবং বহুমুখী উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত জানান, বিনিয়োগের দিক থেকে বাংলাদেশকে চীন একটি সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে দেখছে। বিশেষ করে হাই-টেক শিল্প, সৌরবিদ্যুৎ, আইসিটি, ইলেকট্রিক যান, উৎপাদন খাত, কৃষি-বীজ ও সার শিল্পে যৌথ উদ্যোগের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া বাংলাদেশে একটি চাইনিজ ইপিজেড স্থাপনের সম্ভাবনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যৌথভাবে কাজ করার বিষয় নিয়েও মতবিনিময় হয়।
শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন ইয়াও ওয়েন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশীদারিত্ব, তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষা অন্তর্ভুক্তি, শ্রমবাজারে এক্সচেঞ্জ প্রোগ্রাম, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়নে চীন আগ্রহী।
বৈঠকে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ—বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম—প্রশংসা করেন চীনের রাষ্ট্রদূত।