বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় পূর্বঘোষিত সময় অনুযায়ী জাতীয় ঈদগাহে এ প্রধান জামাত শুরু হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
ঈদের প্রধান জামাতে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন রাজনীতিক, কূটনীতিক, বিচারপতি, বুদ্ধিজীবী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সাধারণ মুসল্লিরা। আয়োজকদের তথ্যমতে, প্রায় ৩৫ হাজার মুসল্লি জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এবার জাতীয় ঈদগাহে মোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ছিল পৃথক কাতার। সেখানে প্রায় ২৫০ জন পুরুষ ও ৮০ জন নারী নামাজ আদায় করেন। এছাড়া সাধারণ মুসল্লিদের জন্য প্রায় ৩১ হাজার পুরুষ এবং সাড়ে তিন হাজার নারীর নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়।
ঈদ জামাতকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। জাতীয় ঈদগাহ এলাকায় পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী জামাতগুলো সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।