রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে কুমিল্লা-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, জনসাধারণের চলাচল সহজ করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
অধিবেশনে কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তার হত্যাকাণ্ড এবং সম্প্রতি পুলিশের টহল কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার দাবি, জ্বালানি সংকট ও রেশনিংয়ের কারণে টহল কার্যক্রম কমে গেছে, যার প্রভাব পড়ছে নিরাপত্তা পরিস্থিতিতে।
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখেছে এবং ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর থাকা জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সব দপ্তরে জানিয়ে দেওয়া হয়েছে এবং এতে সেবামূলক কার্যক্রমে আর কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যকে আশ্বস্ত করে বলেন, সরকারের এই পদক্ষেপের ফলে আইনশৃঙ্খলা বাহিনী আগের মতোই সক্রিয় থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রমও স্বাভাবিক গতিতে চলবে।