বাংলাদেশ সরকার বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে চীনের তৈরি ২০টি জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ২.২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার কোটি টাকা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, চুক্তিটি ২০২৫–২৬ ও ২০২৬–২৭ অর্থবছরের মধ্যে বাস্তবায়ন হবে। এটি চীন সরকারের সঙ্গে জিটুজি পদ্ধতিতে সম্পন্ন করা হবে এবং ১০ বছরের মধ্যে ধাপে ধাপে অর্থ পরিশোধ করা হবে।
চুক্তি প্রক্রিয়া তদারকিতে ১১ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন বিমান বাহিনীর প্রধান। কমিটি খসড়া চুক্তিপত্র যাচাই, মূল্য নির্ধারণ ও প্রশিক্ষণ সংক্রান্ত শর্ত চূড়ান্ত করবে।
জে-১০সিই যুদ্ধবিমান হলো চীনের জে-১০সি মডেলের রপ্তানি সংস্করণ—একটি ৪.৫ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট, যা আকাশ প্রতিরক্ষা, নির্ভুল হামলা ও দীর্ঘ পাল্লার অভিযানে সক্ষম।
বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে ২১২টি বিমান, এর মধ্যে ৪৪টি ফাইটার জেট রয়েছে। বিশেষজ্ঞদের মতে, জে-১০সিই যুক্ত হলে দেশের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিযোগিতায় বাংলাদেশকে নতুন অবস্থানে নিয়ে যাবে।