অভিযোগ অনুযায়ী, কুষ্টিয়া থেকে দুটি পৃথক গাড়িতে করে জীবননগরের উদ্দেশ্যে রওনা দেন এমপি আমির হামজা ও তাঁর স্বজনরা। একটি গাড়িতে এমপি নিজে ছিলেন, আর অন্যটিতে ছিলেন তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক সামনে এসে গাড়ির গতি থামিয়ে দেয়। এর কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি সেখানে এসে এমপির শ্যালক আবু বক্করের ওপর হামলা চালান।
আহত আবু বক্কর বলেন, তিনি নিজের পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং তাঁর মুখে আঘাত করে। একপর্যায়ে এমপির স্ত্রী গাড়ি থেকে নামলে তাঁকেও উদ্দেশ করে কটূক্তি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ জানান, ঘটনার বিষয়ে পুলিশ অভিযোগ পেয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।