বুধবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
‘ভূমিদৃষ্টি’ অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হবে। প্রযুক্তির ব্যবহারে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গড়ে তোলার পাশাপাশি দাপ্তরিক কাজে গতিশীলতা আনার লক্ষ্যেই অ্যাপটি চালু করা হচ্ছে।
জিওফেন্সিং প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ভূমি অফিসের নির্ধারিত ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই অ্যাপে হাজিরা বা চেক-ইন দেওয়া যাবে। নির্ধারিত এলাকার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।
অ্যাপে হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে তথ্য কেন্দ্রীয় লাইভ ড্যাশবোর্ডে আপডেট হবে। এর মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেকোনো সময় বিভিন্ন অফিসের উপস্থিতির চিত্র দেখতে পারবেন। নির্ধারিত সীমানার বাইরে অবস্থান কিংবা ভুয়া লোকেশন ব্যবহার করে হাজিরা দেওয়ার চেষ্টা হলে স্বয়ংক্রিয় সতর্কবার্তাও পাওয়া যাবে।
সরকারি কাজে অফিসের বাইরে গেলে ‘সাইট ভিজিট’ ফিচারে বের হওয়ার কারণ উল্লেখ করা যাবে। একইভাবে অ্যাপের মাধ্যমে ছুটির আবেদন ও ছুটির হিসাব সংরক্ষণের সুবিধাও থাকছে।
অ্যাপটির কারিগরি বাস্তবায়নে সহযোগিতা করছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (Parallaxlogic Infotech-PLX)। বর্তমানে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ বগুড়া রাজশাহী ও চট্টগ্রাম জেলার ৬১০টি কার্যালয়ে এর পাইলট কার্যক্রম চলছে। এতে ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালু করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলা’য় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রী বরাবর কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তদারকিতে প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব দিয়েছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় আগামীকাল অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে।