রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জে পৌঁছে পাকুন্দিয়ায় আয়োজিত প্রথম সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জনগণের প্রতি এ আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, জনগণের ভোট ও সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচনে যারা বিএনপির ওপর আস্থা রেখেছেন, সেই আস্থা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, বিএনপি যতদিন থাকবে, ততদিন দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। দলটি কখনো দেশের স্বার্থ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না।
রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন সাধারণ মানুষ। এতে ব্যবসা-বাণিজ্য, চাকরি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অথচ যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারাই এর সুযোগ নেয়।
তিনি বলেন, যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা জনগণের জন্য নেওয়া কর্মসূচি বাস্তবায়নে বাধা দেবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, মানুষ এখন শান্তি, আইনের শাসন ও কর্মসংস্থান চায়। একই সঙ্গে সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা এবং পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রত্যাশা করে। এসব লক্ষ্য অর্জনে ধৈর্য ধরার পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের অন্যতম লক্ষ্য হলো একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য বাস্তবায়নে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।
সবশেষে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রতি জনগণের দেওয়া সমর্থনের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, সেই আস্থা ও সমর্থন ভবিষ্যতেও ধরে রাখুন। জনগণের কল্যাণে সরকার কাজ করে যাবে।