বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি নয়, বরং তা পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এ ধরনের সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মিডিয়া ফ্রিডম কোয়ালিশন জোর দিয়ে উল্লেখ করে, সব ধরনের গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে এসব ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। দায়মুক্তির সংস্কৃতি অব্যাহত থাকলে ভবিষ্যতে এ ধরনের হামলার ঝুঁকি আরও বাড়বে বলে সতর্ক করে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ভয়মুক্ত পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি না হলে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ব্যাহত হবে। যা শেষ পর্যন্ত গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ।
মিডিয়া ফ্রিডম কোয়ালিশন মনে করে, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি উন্মুক্ত, সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলার জন্য অপরিহার্য। এ লক্ষ্যে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।