মুক্তিযুদ্ধের ইতিহাস ও আদর্শকে আড়াল করার যেকোনো উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ দেশের মানুষের আত্মত্যাগের ইতিহাস কখনো মুছে ফেলা সম্ভব নয়।
রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রিজভীর ভাষ্য, মুক্তিযুদ্ধ কেবল একটি ঘটনা নয়, এটি জাতির অস্তিত্বের ভিত্তি। ৩০ লাখ শহীদের আত্মদান এবং দুই লাখ নির্যাতিত নারীর ত্যাগ জাতির চেতনায় চিরস্থায়ী হয়ে আছে। এই ইতিহাসকে আড়াল করার চেষ্টা হলে জনগণই তা প্রতিরোধ করবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে চলমান সংকট অতিক্রম করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত সরকার জনগণের কাছে জবাবদিহি করবে এবং দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী জানান, ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এবং নতুন কমিটির নেতৃত্বে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার মূল্যবোধ পৌঁছে দিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে; প্রবীণ মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমে আসায় নতুন প্রজন্মকেই এ দায়িত্ব নিতে হবে।
শেষে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় নতুন প্রজন্ম দৃঢ় প্রতিজ্ঞ। তাদের অংশগ্রহণে এ আদর্শ সারা দেশে আরও বিস্তৃত হবে এবং কোনো ধরনের অপচেষ্টা সফল হবে না।
এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মীর সরাফত আলী সপু, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।