সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়। এর আগে সকালে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’
তাঁর এ বক্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। সামাজিক, মানবাধিকার ও সাংবাদিক সংগঠনগুলোও এর নিন্দা জানায়।
পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন পুলিশ সদস্য নিহত ও ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশের আত্মরক্ষার অধিকারের পক্ষে দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-এর বিধানও তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বোঝাতে গিয়ে আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন। বিচারিক প্রক্রিয়ার বাইরে কাউকে হত্যা বা শাস্তি দেওয়ার উদ্দেশ্য তাঁর ছিল না বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।
একই অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ তুলে বক্তব্য দেন আইজিপি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর বলেছে, সাংবাদিকদের নিয়ে ঢালাও মন্তব্য করার উদ্দেশ্য তাঁর ছিল না; অসাবধানতাবশত এমন বক্তব্য এসেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।