গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চান জাইমা রহমান। পথচারী, রিকশাচালক, সিএনজিচালক, দোকানি ও শপিংমলে আসা মানুষদের হাতে তিনি নির্বাচনী লিফলেট তুলে দেন। পাশাপাশি আশপাশের কয়েকটি অফিস ও ব্যাংকেও গিয়ে উপস্থিতদের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।
ভোটারদের উদ্দেশে তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, তার বাবা এই আসনে ধানের শীষের প্রার্থী—সবার কাছে তার পক্ষে ভোট চান তিনি। গণসংযোগের সময় লিফলেটের পাশাপাশি পরিবেশবান্ধব বীজও বিতরণ করতে দেখা যায় তাকে। টব বা মাটিতে রোপণযোগ্য
এসব বীজ বিতরণের উদ্দেশ্য হিসেবে তিনি জানান, নির্বাচনী বর্জ্য কমানো ও পরিবেশ সচেতনতা বাড়ানো।
গণসংযোগে তার সঙ্গে ছিলেন মরহুমা খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুন। নিরাপত্তা সদস্যরা আশপাশে থাকলেও জাইমা রহমান সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত এ কর্মসূচিতে তাকে ঘিরে কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।