রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এক শিক্ষিকাকে জুতাপেটার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীর বিরুদ্ধে। হামলা ও ভাঙচুরে অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হন; কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, জয়নগর ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে আগের প্রশাসনের সময়কার আয়-ব্যয়ের হিসাব নিয়ে কথা বলেন। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রভাষক আলেয়া খাতুন হীরার ওপর প্রথম হামলা চালানো হয়। পরে হামলাকারীরা অধ্যক্ষ, অন্য শিক্ষক ও কর্মচারীদের ওপরও আক্রমণ চালায় এবং অফিস কক্ষে ভাঙচুর করে।
আহতদের মধ্যে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।
প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে কলেজে এসে মূলত চাঁদা দাবি করা হচ্ছিল। তিনি এর প্রতিবাদ করায় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্যদিকে, অভিযুক্ত আকবর আলী দাবি করেন, কলেজের অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং প্রথমে তাদের ওপরই হামলা হয়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি তা প্রত্যাখ্যান করায় বিরোধ বাড়তে থাকে। দুর্গাপুর থানার পুলিশ জানায়, সম্ভাব্য উত্তেজনার কারণে আগে থেকেই সেখানে পুলিশ উপস্থিত ছিল। তবে একপর্যায়ে কিছু লোক জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।