বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা এবং নিজেদের অর্জনের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের জন্য শুভকামনা জানান প্রধানমন্ত্রী।
এ সময় বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (বিজিএমএফ) পক্ষ থেকে দেশের তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য সরকারি সহায়তা চাওয়া হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও ছড়িয়ে দিতে একটি তহবিল গঠনের প্রস্তাবও দেওয়া হয়। এ প্রস্তাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নের বিষয়ে তাৎক্ষণিক সম্মতি জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে বিদ্যালয়ে অ্যাক্টিভিটি-ওরিয়েন্টেড ম্যাথমেটিকস চালুর প্রস্তাব দেওয়া হলে তাতেও সম্মতি দেন তিনি।
স্কুল শিক্ষকদের গণিতে দক্ষতা যাচাইয়ের জন্য আইইএলটিএসের আদলে পৃথক একটি গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও আলোচনায় আসে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশে গণিতচর্চা বাড়ানোর পাশাপাশি গণিত অলিম্পিয়াডের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাতে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বিজিএমএফের চেয়ার প্রফেসর সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান।
এ সময় পদকজয়ী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আইএমও ব্রোঞ্জ ও ইজিএমও ব্রোঞ্জজয়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মনামী জামান, আইএমও রৌপ্যজয়ী চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী, আইএমও ব্রোঞ্জজয়ী ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারজুক রহমান, আনন্দ মোহন কলেজের তাহসিন খান এবং রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের এম. জামিউল হোসেন।
এ ছাড়া ইজিএমও ব্রোঞ্জজয়ী রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাজি সেহনাইও সাক্ষাতে উপস্থিত ছিলেন।