মঙ্গলবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সমাবেশে তিনি দলীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ১১ দলীয় জোট প্রার্থীদের বিজয়ের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে বলেন, এই ভোট দেশের ভবিষ্যতের সঙ্গে জড়িত।
তিনি প্রশ্ন তোলেন, যারা নির্বাচনের আগেই বিরোধী মত দমনে কঠোর এবং নারীদের অসম্মান করে, তারা ক্ষমতায় গেলে দেশ কতটা নিরাপদ থাকবে। ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতিও দেন। তার ভাষায়, দেশে জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে, পরিবার বা গোষ্ঠীকেন্দ্রিক নয়।
নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় চাপে থাকলেও দলটি মানুষের পাশে ছিল। বিএনপি শৃঙ্খলা ফেরাতে চাইলে সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
দেশজুড়ে সিন্ডিকেটের প্রভাবের সমালোচনা করে তিনি জানান, ক্ষমতায় গেলে এসব ভেঙে দেওয়া হবে। বেকার ভাতার বদলে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের ওপর জোর, নারীদের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা ও গণশৌচাগার, এবং সব ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।