২০২৩ সালে সর্বশেষ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর সেই বছর অষ্টমবারের মতো পুরস্কারটি নিজের করে নেন তিনি। এরপর টানা দুই আসরে ৩০ জনের তালিকায় জায়গা হয়নি ইন্টার মায়ামির এই তারকার। এবার আবারও পুরস্কারটির মনোনয়নপ্রাপ্তদের মধ্যে ফিরলেন তিনি।
এবারের তালিকায় মেসির সঙ্গে রয়েছেন বর্তমান ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে এবং সাবেক বিজয়ী রদ্রি। ব্রাজিল থেকে মনোনয়ন পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, আর্সেনালের গ্যাব্রিয়েল ও পিএসজির মারকিনিওস।
বিশ্বকাপের পারফরম্যান্সকে সামনে রেখে আলোচনায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, মাইকেল অলিসে ও লামিনে ইয়ামালসহ বেশ কয়েকজন তারকা ফুটবলার।
তবে ৩০ জনের তালিকা থেকে বাদ পড়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। মৌসুমের শুরুতে দুর্দান্ত ছন্দে থাকা তার অনুপস্থিতিকে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। ব্র্যাডলি বারকোলা, দেজিরে দুয়ে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর নামও নেই এবারের মনোনয়ন তালিকায়।
ব্যালন ডি’অর ২০২৬-এর মনোনয়ন পাওয়া ৩০ ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড), পাউ কুবর্সি (বার্সেলোনা ও স্পেন), মার্ক কুকুরেয়া (রিয়াল মাদ্রিদ ও স্পেন), উসমান দেম্বেলে (প্যারিস সেন্ট জার্মেই ও ফ্রান্স), লুইস দিয়াজ (বায়ার্ন মিউনিখ ও কলম্বিয়া), ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল), গ্যাব্রিয়েল (আর্সেনাল ও ব্রাজিল), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি ও নরওয়ে), আশরাফ হাকিমি (প্যারিস সেন্ট জার্মেই ও মরক্কো) এবং হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড)।
এ ছাড়া রয়েছেন খভিচা কাভারাসখেলিয়া (পিএসজি ও জর্জিয়া), লামিন ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন), সাদিও মানে (আল নাসর ও সেনেগাল), মারকিনিওস (পিএসজি ও ব্রাজিল), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান ও আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স), নুনো মেন্দেস (পিএসজি ও পর্তুগাল), লিওনেল মেসি (ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা), জোয়াও নেভেস (পিএসজি ও পর্তুগাল) এবং মাইকেল অলিসে (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স)।
তালিকার বাকি ফুটবলাররা হলেন উইলিয়ান পাচো (পিএসজি ও ইকুয়েডর), হুলিয়ান কুইনোনেস (আল কাদসিয়াহ ও মেক্সিকো), ডেকলান রাইস (আর্সেনাল ও ইংল্যান্ড), রদ্রি (বার্সেলোনা ও স্পেন), ফাবিয়ান রুইজ (পিএসজি ও স্পেন), উইলিয়াম সালিবা (আর্সেনাল ও ফ্রান্স), ফেরান তোরেস (পিএসজি ও স্পেন), দয়ো উপামেকানো (বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল) এবং ভিতিনিয়া (পিএসজি ও পর্তুগাল)।
২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। এটি হবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের ৭০তম আসর।
বিশেষ এই আয়োজন উপলক্ষে দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে প্যারিসের পরিবর্তে এবার লন্ডনকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ইংলিশ ফুটবলের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯৫৬ সালে ব্যালন ডি’অরের প্রথম আসরের বিজয়ী ছিলেন ব্ল্যাকপুলের সাবেক ফরোয়ার্ড স্ট্যানলি ম্যাথিউস। তার সেই ঐতিহাসিক অর্জনের ৭০ বছর পূর্তিকে সামনে রেখেই এবার লন্ডনে বসছে বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের আসর।