শনিবার ( ৫ সেপ্টেম্বর) ঢাকায় ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি।
শামা ওবায়েদ বলেন, প্রায় ১০ বছর ধরে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে রয়েছে। তবে এই সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হলেও পরিস্থিতি সমাধানের বদলে আরও ঘনীভূত হয়েছে।
তিনি জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
সংকট জটিল হওয়ার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের সরকার, আরাকান আর্মিসহ বিভিন্ন পক্ষ ওই অঞ্চলে সক্রিয় রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের স্বার্থ জড়িয়ে থাকায় আঞ্চলিক পরিস্থিতিও জটিল হয়েছে। তাই আন্তর্জাতিক চাপ ছাড়া এ সমস্যার সমাধান কঠিন বলে মন্তব্য করেন তিনি।
আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে জলবায়ু পরিবর্তন, অতিমারি প্রতিরোধ, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশের জন্য এবারের অধিবেশনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী ও সম্ভাবনাময় বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বদরবারে তুলে ধরার এটি একটি বড় সুযোগ। জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে দেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, গুম সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন এবং ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাত উল্লাহ খান।