শনিবার দুপুরে রাজধানীর পল্টনের ফার্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকায় স্বাভাবিকভাবে নিশ্বাস নেওয়ার মতো পরিবেশও নেই। নগর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত বের হতে না পারলে ভবিষ্যতে এই শহরে বসবাস আরও দুর্বিষহ হয়ে উঠবে।
তিনি বলেন, শুধু নীতিমালা তৈরি করলেই হবে না, সেই নীতির সুফল নগরবাসী বাস্তবে কতটা পাচ্ছেন সেটিও মূল্যায়ন করতে হবে। নাগরিকবান্ধব পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, বিভিন্ন সময়ে নগর উন্নয়নের নামে যেসব কাঠামোগত পরিবর্তন আনা হয়, সেগুলো অবশ্যই পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। অপরিকল্পিত উন্নয়ন শহরের সংকট আরও বাড়িয়ে দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর নগর গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
বুড়িগঙ্গা নদীর দূষণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নদী রক্ষায় নানা প্রকল্প নেওয়া হলেও বুড়িগঙ্গাসহ আশপাশের নদীগুলোর অবস্থার দৃশ্যমান উন্নতি হয়নি। নদীদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদও দেন তিনি।