অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হ্যামিল্টনের ঢাকায় আসার তথ্য প্রকাশ করেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের দূতাবাসের সংরক্ষিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা। হোটেলসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তিনি আরও জানান, আগামী ৩১ জুলাই পর্যন্ত তার সেখানে থাকার কথা রয়েছে।
জেরাল্ড পি হ্যামিল্টন প্রায় ৩৫ বছর সিআইএর বিশেষ শাখায় কাজ করেছেন। দীর্ঘ কর্মজীবনে দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। সিআইএর সদর দপ্তরেও বিভাগীয় প্রধান ও দপ্তর পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। অবসরের আগে ‘ডিস্টিংগুইশড ক্যারিয়ার ইন্টেলিজেন্স মেডেল’সহ একাধিক পুরস্কার ও সম্মাননা পান তিনি।
তবে ঢাকায় অবস্থানকালে তার কোনো সরকারি বৈঠক বা আনুষ্ঠানিক কর্মসূচির তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। ফলে তার এই সফর নিরাপত্তা সহযোগিতা, ব্যক্তিগত যোগাযোগ নাকি অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে আগামী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকায় আসার কথা রয়েছে। সফরের পরদিন ৩০ জুলাই তিনি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে জানা গেছে।