সালমান জানিয়েছেন, “অরিজিৎ আর আমি ভালো বন্ধু। এটা একটি ভুল বোঝাবুঝি ছিল এবং সেটা আমার দিক থেকে হয়েছিল। তারপরও সে আমার জন্য গান করেছে। টাইগার ৩-এ করেছে, এখন ব্যাটল অব গালওয়ান-এ করছে।” তিনি আরও স্পষ্ট করেছেন, অতীত শেষ, এবং এখন তাদের সম্পর্ক সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ।
দুই তারকার বিরোধের সূত্রপাত ঘটে ২০১৪ সালে, যখন একটি পুরস্কার অনুষ্ঠানে অরিজিতের মজা করে করা মন্তব্য সালমানের কানে ঠিকভাবে লাগেনি। এর পর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সালমানের ছবির কয়েকটি গান, যেমন সুলতান-এর ‘জাগ ঘুমেয়া’, বাদ দেওয়া হয় এবং তার জায়গায় রহাত ফতেহ আলী খানের গান ব্যবহার করা হয়।
পরবর্তী সময়ে ২০১৬ সালে অরিজিৎ প্রকাশ্যে ফেসবুকে সালমানের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং অনুরোধ করেন যে তার গান সুলতান-এ থাকুক। বার্তাটি ভাইরাল হলেও পরে মুছে দেওয়া হয়, কারণ সালমান দীর্ঘদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সেই সময় দুজনের দেখা-সাক্ষাৎও হয়নি।
অবশেষে দীর্ঘ বিরতির পর টাইগার ৩ (২০২৩)-এ অরিজিৎ আবার সালমানের জন্য গান করেন। এবার নিশ্চিত করা হলো, নতুন ছবিতে ব্যাটল অব গালওয়ান-এও অরিজিতের কণ্ঠে গান থাকবে, যা প্রমাণ করছে দু’জনের মধ্যে সব ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে।