রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। প্রায় ছয় ঘণ্টা যাত্রাবিরতির পর রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।
এর আগে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এর আগে পাঁচ দিনের সফরে গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বে ভাষণ দেন তিনি। বক্তব্যে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় এসব আলোচনায় উঠে আসে।
এ ছাড়া সফরকালে প্রায় ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি।