বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর ব্যাংক হিসাব এবং সম্পদসংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথি সরবরাহ করতে বিএফআইইউকে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে দেশের সব ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে তাদের নামে থাকা চালু, সুপ্ত ও বন্ধ—সব ধরনের হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ডেবিট ও ক্রেডিট কার্ড, ব্যাংক লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিপত্র।
এ ছাড়া দেশে-বিদেশে তাদের আর্থিক লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে। পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার ও শেল কোম্পানি গঠনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দলিল ও রেকর্ডপত্র চাওয়া হয়েছে। এসব দেশে তাদের কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগ রয়েছে কি না, বিদেশি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে সংগৃহীত সেই তথ্যও দিতে বলা হয়েছে।
দুদকের চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে তথ্য চাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।
এর আগে চলতি মাসের শুরুতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিদেশে অর্থপাচারসহ আরও কয়েকটি অভিযোগও অনুসন্ধানের আওতায় আনা হয়।