ভিডিওটি নিয়ে অনেকেই তাকে বাস্তবের কোনো ‘কবিরাজ’ বা গণক ভেবে ভুল করেন। তবে জানা গেছে, ওই যুবকের নাম ঈমান আলী। তিনি কোনো কবিরাজ নন, বরং একজন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী।
ঈমান আলী বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। প্রায় দুই দশকেরও বেশি সময় আগে তিনি লালমনিরহাট থেকে গাজীপুরে আসেন। এরপর থেকে তিনি স্থানীয় নাট্যদল ও বিভিন্ন কনটেন্ট নির্মাতাদের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় করে আসছেন। বিশেষ করে সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতেই তাকে বেশি দেখা যায়।
সম্প্রতি কালিয়াকৈরের একটি রিসোর্টে একটি ভিডিওর শুটিং চলাকালে তিনি জানান, ভাইরাল হওয়া অংশটি ছিল একটি নাট্যকনটেন্টের চরিত্র। উদ্দেশ্য ছিল বিনোদনের মাধ্যমে একটি চরিত্র তুলে ধরা।
ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, রাস্তার পাশে একজন ‘গণক’ এক যুবকের ভাগ্য গণনা করছেন এবং প্রায় প্রতিটি বাক্যের শেষে বারবার জানতে চাইছেন, “রাগ করলা?”। তার অদ্ভুত ভঙ্গি, আত্মবিশ্বাসী উপস্থাপন এবং সংলাপ বলার ধরন দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
ঈমান আলী পরিষ্কারভাবে বলেন, তিনি কোনো বাস্তব কবিরাজ নন। এটি সম্পূর্ণ অভিনীত চরিত্র। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে আসছেন।
স্থানীয়রাও জানিয়েছেন, ভাইরাল হওয়ার পর অনেকেই তাকে বাস্তব জীবনের গণক বা কবিরাজ হিসেবে ভাবতে শুরু করেন। কিন্তু পরিচিতদের কাছে তিনি মূলত একজন অভিনেতা হিসেবেই পরিচিত। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে কাজ করে তিনি নিয়মিত সামাজিক বার্তা ও বিনোদনধর্মী ভিডিওতে অংশ নেন।
বর্তমানে “রাগ করলা” সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মিম, ট্রল ও রসিকতার অংশ হয়ে উঠেছে। সাধারণ একটি সংলাপ কীভাবে অনলাইনে জনপ্রিয়তা পায়, তারই একটি উদাহরণ হয়ে উঠেছে এই ভিডিও।