সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, মোট ২৫০টি আসনে জোটের মধ্যে সমঝোতা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পাবে ৩০টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসকে দেওয়া হয়েছে ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসন।
তিনি আরও বলেন, যেসব দল এই বৈঠকে উপস্থিত ছিল, তাদের মধ্যেই আপাতত এই বণ্টন চূড়ান্ত করা হয়েছে। বাকি আসনগুলো শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরে নির্ধারণ করা হবে। বৈঠকে মোট ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এখনও কোনো আসন সমঝোতা হয়নি।
এর আগে বক্তব্যে জামায়াত আমির বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক পরিবর্তনের আশা করছে, সেই লক্ষ্যেই ১১টি দল একসঙ্গে এগিয়েছে। তিনি অতীতের সহিংসতা, দুর্নীতি এবং নিয়ন্ত্রিত নির্বাচনের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের ইঞ্জিনিয়ার্ড নির্বাচন আর মেনে নেওয়া হবে না।