বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও উমরাহ ফেয়ার ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
ড. খালিদ হোসেন বলেন, “আমাদের কোনো স্টাফ বা কর্মকর্তা যদি দুর্নীতিতে জড়িত হয় কিংবা কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে, আমাদের জানাবেন—কঠোর ব্যবস্থা নেয়া হবে।” উদাহরণ টেনে তিনি জানান, এক এজেন্সি মালিক সৌদি আরবে ৩ হাজার বিড়ি নিয়ে গিয়েছিলেন, ফেরার পথে ধরা পড়েন আড়াই কেজি সোনাসহ। তিনি অভিযোগ করেন, অনেক এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যক্তি হজ ব্যবস্থাপনার ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সি বাদ দেয়ার বিষয়েও সরকার ভাবছে বলে জানান তিনি।
শারীরিকভাবে অক্ষম হাজিদের পাঠানো বন্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, “গতবার এমন হাজি গিয়েছেন, যার পা নেই। এমনকি ৮২ বছর বয়সী এক মানসিক রোগীকেও পাঠানো হয়েছিল, যিনি পরে হারিয়ে যান।”
হজ ব্যবস্থাপনার নানা সমস্যা সমাধানে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্যাটারিং সার্ভিস বাতিল, মিনা-মুজদালিফা-আরাফাতে টয়লেট সংখ্যা বৃদ্ধি, পানি সংকট সমাধান এবং আবাসন উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে।
এছাড়া, হজযাত্রীদের জর্দা, তামাক ও সিগারেট নিয়ে সৌদি আরবে না যেতে সতর্ক করেন তিনি, কারণ এগুলো সেখানে মাদক হিসেবে গণ্য হয়। হজ ব্যবস্থাপনা থেকে মধ্যস্বত্বভোগীদের সরাতে হাবের সহযোগিতাও চান ধর্ম উপদেষ্টা।