ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩ (জ) অনুযায়ী ৩১ জুলাই ২০০৮ তারিখকে যোগ্যতা অর্জনের ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এর আওতায় যেসব নাগরিকের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ে পাঠানোর শেষ সময় ৪ আগস্ট। এরপর ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
খসড়া তালিকায় অন্তর্ভুক্তি, সংশোধন বা আপত্তি জানাতে আবেদন করা যাবে ২৪ আগস্ট পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট পর্যন্ত। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করার কাজ শেষ হবে ২৮ আগস্ট এবং সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে এ বিষয়ে জনসচেতনতামূলক ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমেও বিষয়টি প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।