মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নির্বাচন শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন অভিনন্দন জানান।
এক বার্তায় তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা।
আগামী ৮ সেপ্টেম্বর ইউএনজিএর ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এরপর বিশ্ব নেতাদের অংশগ্রহণে বার্ষিক উচ্চপর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দপ্তরে।
গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে পরাজিত করেন ড. খলিলুর রহমান। মোট ১৯০ ভোটের মধ্যে তিনি পান ৯৯ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী পান ৯১ ভোট। নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি এবং কোনো দেশ ভোটদান থেকে বিরতও থাকেনি।
এই জয়কে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। বহুপাক্ষিক পরিসরে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে।
আগামী সেপ্টেম্বরে অধিবেশন শুরু হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন ড. খলিলুর রহমান।