লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা কমিটির সাবেক সদস্য সচিব শাহেদুর রহমান রাফির বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন স্থানীয় ঠিকাদার আব্দুর রহমান জনি।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুর রহমান জনি এই অভিযোগ তুলে ধরেন। এর আগে তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমান মাস্টারবাড়ির সামনে একটি সলিং রাস্তার কাজ চলছিল। ৩ অক্টোবর ওই স্থানে গিয়ে রাফি নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয়ে কাজ বন্ধ করে দেন এবং জনির কর্মীদের মারধর করেন। পরবর্তীতে ফোনে জনিকে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
জনির দাবি, “আমি যদি টাকা না দিই, তাহলে কোনো সরকারি অফিসে ঢুকতে দেবেন না বলে রাফি হুমকি দেন। এমনকি ১২ অক্টোবর রাতে তিনি আমার বাড়িতে আগুন ধরিয়ে দেন, এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
অন্যদিকে অভিযুক্ত শাহেদুর রহমান রাফি অভিযোগ অস্বীকার করে বলেন, “জনি নিজেই নানা অনিয়মে জড়িত। সে পচা ইট দিয়ে রাস্তা তৈরি করছিল, তাই স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে। আমি কোনো চাঁদা দাবি করিনি, বরং তার প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক করেছি।”
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল মালাকার জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”