জানা গেছে, বিকেল ৪টার পর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে পরিদর্শন শুরু করেন প্রধানমন্ত্রী। রাজধানীতে কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে পরিষ্কার করা হচ্ছে কি না এবং সিটি করপোরেশনের কার্যক্রম কতটা কার্যকরভাবে চলছে, তা সরেজমিনে যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় তার গাড়ি গুলশান-১, হাতিরঝিল, রামপুরা ও মালিবাগ এলাকার বিভিন্ন সড়ক অতিক্রম করে। পরে তালতলা মার্কেট, বাসাবো, কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাস টার্মিনাল ও যাত্রাবাড়ী এলাকায় ঘুরে বর্জ্য অপসারণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
এরপর ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ, নারিন্দা ও রায়সাহেব বাজার মোড় এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পুরান ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কেও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
পরবর্তী সময়ে জজ কোর্ট এলাকা, নবাবপুর, বংশাল, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা ও নিউমার্কেট ঘুরে দেখেন তিনি। সর্বশেষ সায়েন্স ল্যাব, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, জিগাতলা, মানিক মিয়া এভিনিউ ও মহাখালী পর্যন্ত পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।