রাজধানীর মিরপুরের একটি পোশাক কারখানা ও পাশের কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক জরুরি ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম।
তিনি জানান, মরদেহগুলো কারখানার ভেতর গার্মেন্টস অংশে পাওয়া গেছে। টিনশেড ছাদ বন্ধ থাকায় কর্মীরা সময়মতো বের হতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল বিস্ফোরণ থেকে সৃষ্ট বিষাক্ত গ্যাসেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো শনাক্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে, এবং ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় নিশ্চিত করা সম্ভব নয় বলে তিনি জানান।
আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে তাজুল ইসলাম বলেন, “গার্মেন্টস অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কেমিক্যাল গোডাউনে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনো সেখানে ঝুঁকি রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গোডাউনে ৬ থেকে ৭ ধরনের রাসায়নিক পদার্থ সংরক্ষিত ছিল।”
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের কেমিক্যাল গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। পরে সহায়তায় যোগ দেন নিকটবর্তী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।